ঈদ মোবারক বলা প্রসঙ্গে

জিজ্ঞাসা-২৩১: শুধু ঈদ মোবারক বলা কি জায়েজ না বিদআত? তারিখ-০৯/০৭/২২ ঈসায়ি/ইংরেজি

মাওলানা  মুহাম্মাদ রফিকুল ইসলাম  বগুড়া থেকে---

জবাব:  ঈদ মুবারক  অর্থ ঈদ আপনার জন্য কল্যাণকর হোক ঈদ আপনার কল্যাণ বয়ে আনুক ইত্যাদি।   এরকম দোয়া এক মুসলিম আরেক মুসলিমের জন্য করতে কোন সমস্যা নেই। কিন্তু এটিকে  সুন্নত বা মুস্তাহাব মনে করে বললে বিদআত হবে। 

তবে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়ামিনকুম বলাটাই যেহেতু প্রমাণিত। তাই এ বাক্যটিই বলা উচিত।

দলিল:

عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ قَالَ: لَقِيتُ وَاثِلَةَ بْنَ الْأَسْقَعِ فِي يَوْمِ عِيدٍ , فَقُلْتُ: تَقَبَّلَ اللهُ مِنَّا وَمِنْكَ , فَقَالَ: ” نَعَمْ، تَقَبَّلَ اللهُ مِنَّا وَمِنْكَ ” , قَالَ وَاثِلَةُ: ” لَقِيتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ عِيدٍ فَقُلْتُ: تَقَبَّلَ اللهُ مِنَّا وَمِنْكَ , قَالَ: ” نَعَمْ , تَقَبَّلَ اللهُ مِنَّا وَمِنْكَ

হযরত খালিদ বিন মাদান থেকে বর্ণিত। তিনি বলেন, আমি ওয়াছিলা বিন আসক্বাহ রাঃ এর সাথে ঈদের দিন সাক্ষাৎ করলাম। তখন আমি তাকে বললামঃ তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা। তখন তিনি বললেনঃ হ্যাঁ, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়ামিনকা। ওয়াছিলা আরো বললেনঃ আমি একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে ঈদের দিন সাক্ষাৎ করেছিলাম। যততখন বলেছিলামঃ তাকাব্বালাল্লাহু মিন্না ওয়ামিনকা। তখন তিনিও বলেছিলেনঃ হ্যাঁ, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়ামিনকা।  তাখরিজ: সুনানুল কুবরা লিলবায়হাকী-৬২৯৪,মাযমাউয যাওয়ায়েদ, হাদীস-৩২৫৫

 জুবাইর ইবনু নুফাইর (রা.) বর্ণিত, তিনি বলেন, নবীজি (সা.)-এর সাহাবোয়ে কেরাম ঈদের দিন পরস্পর সাক্ষাৎ হলে বলতেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়ামিন কুম আল্লাহ আমার এবং আপনার যাবতীয় ভালো কাজ কবুল করুক। সূত্র:ফাতহুল কাদির, খণ্ড : ০২, পৃষ্ঠা : ৫১৭

সুতরাং স্বাভাবিক দৃষ্টিতে ঈদ মোবারক  বলতে কোন সমস্যা নেই, বরং ঈদের দিনে মুমিনের খুশি প্রকাশ করা উচিত। সূত্র: আহসানুল ফতোয়া,১/৩৮৪;ফতোয়ায়ে রহিমিয়া-১/২৮১

الله اعلم بالصواب

উত্তর দিচ্ছেন,মুফতি মুহাম্মাদ আব্দুর রাজ্জাক বগুড়া